'জ্বালানি সংকট দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ'
ছবি: জাতীয় অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি: দেশের বিদ্যমান জ্বালানি সংকট দূর করতে বর্তমান সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রতিনিয়ত কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সতের বছরের সরকারের শাসনকালের কারণে দেশে এই জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব এখন দেখা যাচ্ছে। এই সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় এবং এটি সময়সাপেক্ষ হলেও সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে দ্রুত সমাধান মিলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোংলা বন্দরের সম্ভাবনা ও উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বন্দরটির বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরকে আরও আধুনিক ও কার্যকর করতে পারলে শুধু বাগেরহাট বা খুলনা অঞ্চল নয়, বরং পুরো দেশের অর্থনীতিই এর সুফল পাবে।

মতবিনিময় সভার আগে মন্ত্রী বাগেরহাটের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশানি–রামপাল–মোংলা সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় সরকারি পি.সি. কলেজে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন।

বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাব সভাপতি শেখ আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি