লক্ষ্মীপুরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন
ছবি: জাতীয় অর্থনীতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: 'গ্রিন লক্ষ্মীপুর, ক্লিন লক্ষ্মীপুর' স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) সকালে শহরের চকবাজার এলাকার একটি সড়কের পাশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

পৌরসভা সূত্রে জানা যায়, পুরো পৌর এলাকায় পর্যায়ক্রমে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। যার একটি বড় অংশ বসানো হবে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ প্রাঙ্গণে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, "আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসী যদি সঠিকভাবে ডাস্টবিন ব্যবহার করে এবং অপচনশীল (রিসাইকেলযোগ্য) ও পচনশীল বর্জ্য পৃথকভাবে অপসারণ করা হয়, তবে শহরের বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। এটি লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।"
 
এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক সম্রাট খীসা, নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।  

—জা. অর্থনীতি/এলএটি