লক্ষ্মীপুর প্রতিনিধি: অন্যকে হাসাতে যার ভালো লাগে, ক্যামেরার নেপথ্যে তাকেই লড়তে হচ্ছে এক কঠিন জীবনযুদ্ধে।
গল্পটি ১২ বছর বয়সী ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাত হোসেনের। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দারুণ সব ভিডিও বানিয়ে সে যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, তেমনি জন্ম থেকেই থ্যালাসেমিয়া নামক মারাত্মক রক্তস্বল্পতাজনিত রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নিয়মিত রক্ত পরিবর্তন ও ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার দিনমজুর বাবার পরিবার আজ দিশেহারা।
অবশেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাহাতের এই সংগ্রামী জীবনগাথা নজরে আসে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে রাহাতকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় তার লেখা পড়া ও চিকিৎসার সার্বিক সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
পাশাপাশি, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রদত্ত বিভিন্ন অনুদান ও সহায়তার জন্য কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে তাকে ও তার পরিবারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন জানিয়েছে, সমাজের এমন মেধাবী, সংগ্রামী শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে তাদের এই মানবিক সহায়তা ও শুভকামনা সবসময় অব্যাহত থাকবে।
—জা.অর্থনীতি/এনজে
