ভারতে চিকিৎসায় গিয়ে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই পরিবার
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুজন মারা গেছেন। টেলিভিশনের সংবাদ ও কলকাতায় অবস্থানরত আত্মীয়দের মাধ্যমে সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন স্বজনরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বরেয়া গ্রামে গিয়ে দেখা যায়, চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিহত ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজুর (৪৫) বাড়িতে চলছে শোকের মাতম। 

প্রিয়জনকে হারানোর শোকে মাতম করা স্বজনদের এখন একটাই আকুতি- দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক তাদের মরদেহ। শেষবারের মতো মুখটি দেখতে ও নিজ হাতে দাফন করতে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সাজুর বড় ভাই সাহেব সরদারসহ ছোটবেলার বন্ধুরা।

অন্যদিকে একই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার (৩৬)। পরিবারসূত্রে জানা যায়, রেবতীর স্বামী ভবেশ সরকার ও তাদের দুই সন্তান বর্তমানে ভারতে অবস্থান করছেন। আর্থিক অনটনে থাকা পরিবারটিতে এমন মর্মান্তিক ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। তারাও রেবতীর মরদেহ দেশে আনার আকুল আবেদন জানিয়েছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ জানান, ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মরদেহ দুটি দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছেন।

—জা. অর্থনীতি/এলএটি