জাহাজডুবিতে বাবা নিখোঁজ, কিছুই জানে না অবুঝ সন্তানেরা
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের (৩৫) অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। তবে দুর্ঘটনার এই ভয়াবহতা এখনো বুঝে উঠতে পারেনি তার দুই শিশুসন্তান- পাঁচ বছরের মারিফুল জান্নাত ও তিন বছরের মোয়াজ আব্দুল্লাহ। মোবাইলের রিং বাজলেই বাবার ভিডিও কলের আশায় স্ক্রিনের দিকে ছুটে যাচ্ছে তারা।

সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার বাসিন্দা ডক্টর আব্দুর রহিমের ছেলে মামুন ভারতের উপকূলে বঙ্গোপসাগরে যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যাওয়া জাহাজটিতে কর্মরত ছিলেন। গত বুধবার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় তার। পরে শনিবার অন্য মাধ্যমে জাহাজডুবির খবর পৌঁছালে পরিবারে নেমে আসে কান্নার রোল। তবে শিশুরা ভাবছে, বাবা কাজে ব্যস্ত বলেই হয়তো ফোন দিতে পারছেন না।

নিখোঁজ মামুনের বাবা কান্নাজড়িত কণ্ঠে তার ছেলেকে উদ্ধারে সরকারি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কায়সার আজিজ জানান, নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের উদ্ধারকারী দল ও কূটনৈতিক পর্যায়ে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ে মামুনের সন্ধান পেতে কাজ চলছে।

—জা. অর্থনীতি/এলএটি