সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২
ছবি: জাতীয় অর্থনীতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি ও চাঁদাবাজির অভিযোগে শাকিক ও সবুজ নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুজন নিজেদের সেনাসদস্য পরিচয় দিয়ে মহাসড়কে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির নামে চালক ও যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছিল। একপর্যায়ে তারা চাঁদা দাবি করলে উপস্থিত জনতার সন্দেহ হয়। পরে জনতা তাদের ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া পরিচয়ের বিষয়টি ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়।

ওসি জানান, জনতা দুই প্রতারককে ভুয়া ওয়াকিটকি ও টাকাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

—জা. অর্থনীতি/এলএটি