প্রকীতী ছবি
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিলের ভেতর ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)।
নিহতদের স্বজন রাজিব বাছাড় জানান, সকালে খারাপ আবহাওয়ার মধ্যেই তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত বিধান বাছাড় স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড় স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। —জা. অর্থনীতি/এলএটি