শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন, ছাদে উঠে রক্ষা পেলেন ১৭ জন
ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় একটি বহুতল আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন থেকে প্রাণ বাঁচাতে হোটেলের ১৭ জন বাসিন্দা ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ‘নুর হোটেল ইন্টারন্যাশনাল’-এর ভবনটিতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হোটেল ভবনের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত ঘটে। গাড়ির চাকা ও গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো নিচতলায় আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে থাকা ১৭ জন অতিথি ও কর্মী নিচে নামার পথ বন্ধ দেখে ওপরের কলাপসিবল গেটের লক ভেঙে ছাদে গিয়ে আশ্রয় নেন।

সংবাদ পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ছাদে আটকা পড়া ১৭ জনকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনে। অগ্নিকাণ্ড ও হুড়োহুড়ির সময় আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্যে জানা গেছে, নিচতলায় পার্ক করা একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ চেষ্টা চালিয়ে ছাদে আটকা পড়া সকলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিচতলার তীব্র আগুনের কারণে প্রথমে ওপরে ওঠার পথ অবরুদ্ধ ছিল। তবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রাইভেটকারে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিরূপণ করা হবে।"  

—জা. অর্থনীতি/এলএটি