শেরপুর প্রতিনিধি: কৃষকদের কাছে সময়মতো ও সরকার নির্ধারিত দামে সারের সরবরাহ নিশ্চিত করতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
রোববার (৬ সেপ্টেম্বর) তিনি শহরের বিভিন্ন গুদাম ও বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় ডিলারদের স্টক রেজিস্টার, মজুতকৃত সারের পরিমাণ এবং নির্ধারিত মূল্যে তা বিক্রি হচ্ছে কি না, তা সরাসরি যাচাই করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সারের কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না করার জন্য ডিলারদের কঠোর নির্দেশনা দেন। একই সাথে কৃষকেরা যেন কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত মূল্যের শিকার না হন, সে বিষয়ে ডিলারদের সতর্ক করা হয়।
এ সময় শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জেলায় কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে এবং সারের সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পর্যবেক্ষণ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি
