ব্রিজের নিচে ড্রামে মিলল নারীর মরদেহ
ছবি: জাতীয় অর্থনীতি

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারীর গলায় কাপড় পেঁচানো ছিল। তার কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন ব্রিজের নিচে খালের পানিতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন স্থানীয় লোকজন। ড্রামটি দেখে সন্দেহ হলে তারা বিষয়টি গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা-পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবং কে বা কারা মরদেহটি ড্রামের ভেতরে রেখে গেছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি নিজেও ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছেন। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে