নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের ঘুটাবাছা গ্রামে নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশু রাইয়ানের ব্যাগে ভরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘুটাবাছা গ্রামের খালে ভাসমান অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশু রাইয়ানকে মেরে বাজারের ব্যাগে ভরে এ খালে ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে এলাকাবাসী।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসায় বাবা রাসেল খানের পাশে ২০ মাসের শিশু রাইয়ানকে মা রুমানা বেগম ঘুম পাড়িয়ে রেখে গৃহস্থালি কাজে বাইরে বের হন। এর ২০ মিনিট পর ঘরে এসে দেখেন বাবার পাশে ঘুমন্ত শিশু রাইয়ান নেই। এরপর থেকেই তার সন্ধান শুরু করে পুলিশ ও স্বজনরা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বোনজামাই আল আমিনকে প্রধান আসামি করে অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুর মা রুমানা। পুলিশ এ ঘটনায় প্রধান আসামি আল আমিনকে নীলগঞ্জের গইয়াতলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তারা নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। কেন কী কারণে তাকে হত্যা করে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় কারা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি