কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রেললাইনের অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি স্টেশনের আউটারে পৌঁছালে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রেলপথটি ডাবল লাইন হওয়ায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।

উদ্ধারকাজ শেষ হলে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

—জা.অর্থনীতি/জেআরটি