আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটির অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জর্ডানের আল আজরাক এলাকার মুয়াফ্ফাক সালতি বিমানঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
সিবিএসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট নজরদারি বিমানের একটি ডানা উড়ে গেছে। এ ছাড়া আটটি এফ-১৫ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঘাঁটির মার্কিন সেনারা ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজে ইরানি হামলার জবাবে একই রাতে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি ট্যাংকার অচল করে দেয়। এর কয়েক ঘণ্টা পরই জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর বক্তব্য ভিন্ন। বুধবার সকালে দেওয়া বিবৃতিতে তারা জানায়, ইরান থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা সম্ভব হয়। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ায় হতাহত বা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: সিবিএস
জা.অর্থনীতি/এসআই