গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিশা খাতুন উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় সবার অলক্ষে অসাবধানতাবশত পাশের শফিকুল ইসলামের পুকুরে পড়ে তলিয়ে যায় আরিশা। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি