কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে আবদুর রহমান (৫) ও মো. জুবায়ের (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আবদুর রহমান ও জুবায়ের। খেলতে গিয়ে একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালালে ২ শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইফুল ইসলাম বলেন, ২ শিশুর মৃত্যুর বিষয়টি সঠিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে