ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি পার্কিং নিয়ে তর্কাতর্কির জেরে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দুই রাউন্ড গুলি ছোড়া আলোচিত যুবক মো. হামিদুল গাজীকে (৪১) অস্ত্র ও ব্যবহৃত গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকা-খুলনা মহাসড়ক অংশে পার্কিং নিয়ে সামান্য হাতাহাতির একপর্যায়ে ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে হামিদুল গাজী তার খয়েরি রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭) থেকে মহাসড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সটকে পড়েন। এ সংক্রান্ত এক ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ভিডিওর সূত্র ধরে তদন্তে নেমে গত ১৫ সেপ্টেম্বর রাতে র্যাব-১-এর সহায়তায় ঢাকার বনানী এলাকা থেকে প্রধান আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শিমু আক্তার তিশা (২৬) নামের এক নারীকে হেফাজতে নেওয়ার পাশাপাশি ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরবর্তীতে হামিদুলের স্বীকারোক্তি অনুযায়ী মুন্সীগঞ্জের লৌহজং থানার গোয়ালী মান্দ্রায় তার নিজ বাড়ির এক পরিত্যক্ত টয়লেট থেকে ঘটনায় ব্যবহৃত একটি .২২ বোর রিভলবার উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ৮টিই মাদক সংক্রান্ত। পোশাক ব্যবসার আড়ালে তিনি মূলত মাদক কারবারে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও প্রাইভেটকার আলামত হিসেবে জব্দ দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
