গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানা ঘেরাও বিক্ষোভ
ছবি: জাতীয় অর্থনীতি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন তারা। একপর্যায়ে থানা ঘেরাও করে হত্যার অভিযোগে মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেল মাহমুদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

নিহত ফারহানা ইয়াসমিন শিলা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সামিমের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গাবালী সদর উপজেলার বাহেরচর বাজারসংলগ্ন নিজ বাসা থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করতে চাওয়া হলেও পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে বলে অভিযোগ স্বজনদের।

—জা.অর্থনীতি/এনজে