চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গ্রুপের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৮১টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
২০২৫-২৬ অর্থবছরে 'কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প'-এর আওতায় নিবন্ধিত কৃষক দলগুলোর মাঝে এসব যন্ত্রপাতি বরাদ্দ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে যন্ত্রপাতি তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "কৃষি খাতকে আরও লাভজনক করতে, উৎপাদন বাড়াতে এবং কৃষকদের শারীরিক পরিশ্রম ও সময় সাশ্রয় করতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। কৃষক গ্রুপের মাধ্যমে পাওয়া এসব সরকারি যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবে কোনো অবস্থাতেই এসব যন্ত্রপাতি ব্যক্তিগত স্বার্থে বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।"
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বিতরণকৃত ৮১টি উন্নত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৯টি ধান কাটার রিপার মেশিন, ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড মেকার কাম প্ল্যান্টার, ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার এবং ১১টি এলএলপি (লো লিফট পাম্প)।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগী এলাকার বহু কৃষক উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি