ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। তবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস নম্রচৌধুরী।

বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, এটি মনোনয়ন বোর্ডের বৈঠক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটি মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে। আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

জা.অর্থনীতি/এসআই