১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু ও ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ‘এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, তথ্যপ্রযুক্তি ও প্রগতির আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখার লক্ষ্যেই পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছিল। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও বিগত ১৭ বছরে সেটিকে ‘প্লাস্টিকের মেরুদণ্ডে’ পরিণত করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা না দিয়ে কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে রেখেও ওপর মহলের নির্দেশে পাস করিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এভাবে জোর করে বেশি নম্বর দেওয়া বা পাস করিয়ে দিলে ব্যক্তি ও জাতি কারও লাভ হয় না।

প্রযুক্তির যুগে মেধাভিত্তিক শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পিছিয়ে পড়া পুরো শিক্ষা ব্যবস্থার সঙ্গে করা ছেলেখেলার ফল। বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে প্রকৃত ফলাফল দেওয়া হচ্ছে, যা জাতির জন্য জরুরি।

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ছাত্রীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। তারেক রহমান আগামীতে বিএ ও অনার্স পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিক্ষার্থীদের সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ দেওয়া হয়।

জা.অর্থনীতি/এসআই