মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন তার মা-বোনসহ আরও অন্তত ৪ জন মাহিন্দ্র যাত্রী।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রযোগে মা-বোনের সাথে টেকেরহাট বন্দরে যাচ্ছিলো রাফিয়া। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় রাফিয়া উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সাথে আহত হন নিহতের মা সানজিদা বেগম ও ছোটবোন তাবাসসুম আক্তারসহ আরও ৪ জন মাহিন্দ্রা যাত্রী। এ ঘটনায় দীর্ঘ সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মস্তফাপুর হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—জা. অর্থনীতি/এনজে