জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: সেবা গ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত ওই আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, সেবা প্রার্থীরা সরাসরি আবেদন করলে দীর্ঘদিন ভোগান্তির শিকার হতে হতো, অথচ দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে আবেদন করলে খুব দ্রুততম সময়ে পাসপোর্ট মিলে যেত-এমন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েই এই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে সাধারণ সেবা গ্রহীতা হিসেবে পাসপোর্ট অফিসের বিপরীতে থাকা বিভিন্ন কম্পিউটারের দোকানে খোঁজখবর নেন। অনুসন্ধানে দেখা যায়, ওই দোকানগুলোর মাধ্যমে বাড়তি টাকায় আবেদন জমা দিলে বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো, যা দেখে পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তারা দ্রুত ফাইল ছাড়তেন।

পরবর্তীতে দুদকের টিম জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদকে সঙ্গে নিয়ে মূল কার্যালয়ে তল্লাশি চালায়। এ সময় যাচাই-বাছাইকালে জমাকৃত বেশ কিছু পাসপোর্ট আবেদন ফরমে দালাল চক্রের ব্যবহৃত বিশেষ প্রতীকী চিহ্ন ও কোডিংয়ের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী দল ও জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, "অভিযানে সেবা প্রার্থীদের হয়রানি এবং দালাল চক্রের সঙ্গে ভেতরের অসাধু সিন্ডিকেটের লেনদেনের স্বপক্ষে একাধিক প্রমাণ পাওয়া গেছে। অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্যাদি বিশ্লেষণ করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুদকের এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি