খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আটক
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানা পুলিশের পৃথক নৈশ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও মহাসড়কে গাছ কেটে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সড়ক অবরোধের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাহফুজ জুয়েল (৩১), সুজন বিশ্বাস (৪৩), মো. শাকিল (২৪), মো. রুবেল (৩২) এবং লিটন চৌধুরী (৫১)। পুলিশ জানিয়েছে, তারা খাগড়াছড়ি জেলা ও স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেলসহ বিস্ফোরক দ্রব্যাদির বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও সরকারি স্থাপনার ক্ষতিসাধনের চেষ্টা চালানো হয়। এছাড়া গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে আলুটিলার বড়পাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গোপন মিছিল, রাষ্ট্রবিরোধী স্লোগান এবং বন বিভাগের গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটে।

এসব নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধিতে পৃথক মামলা রজু করা হয়।

ওসি জানান, "আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও মহাসড়কে গাছ কেটে অবহেলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরাধ ও নাশকতার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"  

—জা. অর্থনীতি/এলএটি