শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের ছাউনির ওপর সাদা পলিথিনে মোড়ানো একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালক মিয়ারাজ গাইনকে (২৭) আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে বেনাপোল-যশোর মহাসড়কে ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিয়ারাজ গাইন কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুরগিবাহী ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের ওপর ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।
—জা.অর্থনীতি/এনজে