পাকিস্তানে অনলাইনে গত এক বছরে যৌন নিপীড়নের শিকার ১৫ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে গত এক বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়ন বা যৌন শোষণের অন্তত একটি ধরনের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ১২ থেকে ১৭ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের প্রায় ১৬ জনে একজন এ ধরনের নির্যাতনের শিকার হয়েছে।

ইউনিসেফের গবেষণাকে পাকিস্তানে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে পরিচালিত সবচেয়ে বিস্তৃত গবেষণাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, অনলাইনে যৌন শোষণ বা নির্যাতনের শিকার শিশুদের প্রায় ৮৫ শতাংশের ক্ষেত্রে অপরাধী ছিল তাদের পরিচিত কেউ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ১৭ বছর বয়সী এক পাকিস্তানি কিশোরীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নিরাপত্তার কারণে তার নাম পরিবর্তন করে ‘জারা শাহ’ বলা হয়েছে। অনলাইন গেমের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও পরে ওই ব্যক্তি তাকে ব্যক্তিগত ও যৌন ছবি পাঠাতে চাপ দেন। রাজি না হলে পরিবারের সদস্যদের খুঁজে বের করে যোগাযোগের হুমকি দেওয়া হয়।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, নির্যাতনের শিকার প্রায় ৭১ শতাংশ শিশু কাউকে বিষয়টি জানায়নি। লজ্জা, সামাজিক কলঙ্ক ও পরিবারের প্রতিক্রিয়ার ভয় তাদের নীরব থাকার অন্যতম কারণ।

গবেষণায় বলা হয়েছে, অনলাইন গেম, সামাজিক যোগাযোগমাধ্যম, উপহার, অর্থ বা প্রেমের প্রস্তাবের মাধ্যমে শিশুদের সঙ্গে সম্পর্ক তৈরি করে পরে তাদের যৌন কনটেন্ট তৈরিতে বাধ্য করা, ভয় দেখানো ও ব্ল্যাকমেইল করা হয়।

পাকিস্তানে এ ধরনের অপরাধ মোকাবিলায় আইনি কাঠামো থাকলেও আইন প্রয়োগে ঘাটতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইউনিসেফও অভিযোগ জানানো, বিচার পাওয়া এবং শিশুদের সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন বাধার কথা উল্লেখ করেছে।

জা.অর্থনীতি/এসআই