শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস আল-মোবারক পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজির ভেতর থেকে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজির যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের লছনা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

—জা. অর্থনীতি/এনজে