কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করা হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অর্জিত এই গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার বিনষ্ট করার লক্ষ্যে পরিচালিত যে কোনো ধরনের ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবিলা করতে রাজপথে প্রস্তুত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, "আমাদের এই প্রতিবাদ ও রাজপথের অবস্থান নতুন কিছু নয়। অতীতেও আমরা রাজপথে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে অর্জিত এই ভোটাধিকার কোনো অশুভ শক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেওয়া হবে না।"
অপশক্তির চক্রান্তের তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, "গণতন্ত্র ধ্বংসের কারিগরি রূপকারেরা বিদেশ থেকে কিংবা গোপনে পালিয়ে গিয়ে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করছে। আমরা জনগণের শক্তিকে সাথে নিয়ে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলেছি। কয়েকটি বাসে আগুন দেওয়া কিংবা ঝটিকা মিছিলের নামে নৈরাজ্য সৃষ্টি করে এ দেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না। যারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁতারা করছে, তাদের সতর্ক করে দিতে চাই-সাধারণ মানুষকে সাথে নিয়ে যেভাবে সৈরাচারকে বিতাড়িত করা হয়েছে, অপরাধীদেরও পরিণতি তেমনই হবে।"
অবিলম্বে অন্যায়কারীদের বিচার নিশ্চিতের হুঁশিয়ারি দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, "বিচারের জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি নই। যাদের কারণে মা-বোনদের বুক খালি হয়েছে, তাদের অবিলম্বে আইনের মুখোমুখি হতে হবে। দেশের প্রচলিত আইন ও সচেতন জনগণই তাদের উপযুক্ত বিচার সম্পন্ন করবে।"
এর আগে জেলা শহরের রথখলাস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান বাণিজ্যিক সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক আখড়াবাজার চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী।
—জা. অর্থনীতি/এলএটি