পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ ঘোড়া স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, "একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অর্জিত গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের শান্তি, সাধারণ মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেকোনো চক্রান্ত প্রতিহত করতে মাঠে ঐক্যবদ্ধ থাকবে।"

কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।  

—জা. অর্থনীতি/এলএটি