সিলেট প্রতিনিধি: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের বিশেষ একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, প্রায় ৮০ লাখ টাকার সরকারি রাজস্ব আত্মসাতের সাথে সরাসরি জড়িত দুই কর্মকর্তাকে বিভাগীয় সাজা না দিয়ে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ করা এবং পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট জালিয়াতি ও প্রশাসনিক প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল রেকর্ডপত্র জব্দ করেন। জব্দকৃত এসব নথি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমদ অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
—জা. অর্থনীতি/এলএটি