দুর্গাপূজা উপলক্ষে সিলেটে ব্যাপক প্রস্তুতি
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব অনুযায়ী পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

মণ্ডপ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকায় নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি মণ্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছে।

থানা এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

যেসব মণ্ডপে জনসমাগম অধিক, সেসব মণ্ডপ চিহ্নিত করে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন মানুষ ও যান চলাচল নির্বিঘ্ন থাকে।

সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যারা যেকোনো নাশকতা বা অপতৎপরতা রোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। তাছাড়া পর্যাপ্ত পুলিশ সদস্য পুলিশ লাইন্সসহ গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ডবাই টিম হিসেবে রাখা হয়েছে, যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।  

—জা. অর্থনীতি/এলএটি