বাড়ছে তিস্তা নদীর পানি, নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢল ও দুই দিনের টানা ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানিপ্রবাহ। ফলে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ১৮ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ওই পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

দুপুর ১২টার দিকে তিস্তার পানি কিছুটা কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এতে ব্যারাজ পয়েন্টে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটির নিম্নাঞ্চলে পানি প্রবেশ অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যা ৬টার জেলার হাতীবান্ধা উপজেলায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার, যা বিপদসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই দিনের অতিভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে। এতে তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে বড় বন্যা হয়ে থাকে। সেই বন্যার শঙ্কা করছেন তিস্তাপাড়ের মানুষ।

গাংনীতে বাড়ছে অ্যানথ্রাক্সের সংক্রমণ, চলতি বছরেই আক্রান্ত ৪১২

গোবর্দ্ধন চরের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এবারে স্থায়ী বড় কোন বন্যা হয়নি। তবে নদীর পানি যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে বড় বন্যা হতে পারে। বন্যা হলে নদীপাড়ের মানুষের কষ্টের শেষ থাকে না।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী চর ও নিচু এলাকার কিছু অংশে পানি ঢুকছে। এরই মধ্যে এসব এলাকার রোপা আমন ধানের জমি তলিয়ে যেতে শুরু করেছে।

পানি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় নদীপাড়ের অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ পানি বাড়লে কৃষি ও বসতবাড়িতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।

তিস্তা ব্যারাজের পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে ব্যারাজ পয়েন্টে পানি বাড়লেও দুপুরের পর তা কমতে শুরু করতে পারে। তবে ভাটির নিম্নাঞ্চলে পানি প্রবেশ অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, উজানের পানি ও বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বেড়েছে। দুপুরের দিকে ব্যারাজ পয়েন্টে পানি কিছুটা কমতে পারে। তবে পানি আরও বাড়লে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তিস্তা নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

—জা.অর্থনীতি/এনজে