খাগড়াছড়ি পৌর যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা-পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং বাকি দুজন দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড মুসলিমপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৩২), ৪নং ওয়ার্ড মাস্টারপাড়ার মো. তারেক আজিজ (২৭), ২নং ওয়ার্ড সবুজবাগ এলাকার মো. শুক্কুর আলী (৩৪) এবং মোহাম্মদপুর কলেজগেট এলাকার মো. রিয়াজ মিয়া (৩৫)।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গ্রেপ্তার দেলোয়ার হোসেন খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তারেক আজিজ দলটির সক্রিয় সদস্য। দেলোয়ারের বিরুদ্ধে বিস্ফোরক ও সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি এবং তারেক আজিজের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে গ্রেপ্তার অন্য দুই আসামির মধ্যে শুক্কুর আলী খাগড়াছড়ি সদর থানার ২০২২ সালের একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালের একটি আলোচিত হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। অপর আসামি রিয়াজ মিয়া চুরি ও চোরাই মাল কেনাবেচা সংক্রান্ত মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান মাহমুদ সাকিলের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তরিকুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলাম ও এএসআই মো. শাহাদাৎ হোসেন সহ পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি