পরীক্ষাব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
ছবি: জাতীয় অর্থনীতি

গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষাবিষয়ক সংস্থা একিউএ গ্লোবাল (AQA Global)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একিউএ গ্লোবালের আনুষ্ঠানিক কোনো চুক্তি স্বাক্ষরিত হলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে এক সভার মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন পদ্ধতির সার্বিক পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রযুক্তিগত আধুনিকায়ন করা হবে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে পরীক্ষা প্রক্রিয়ায় গতি আনা, স্বচ্ছতা বাড়ানো, ভুলত্রুটি কমানো এবং আন্তর্জাতিক মানদণ্ড প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুল শিক্ষার্থীর সুবিশাল পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম সনাতন পদ্ধতিতে পরিচালনা করা চ্যালেঞ্জিং। প্রচলিত ধারার পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমরা পুরো প্রক্রিয়াটিকে দ্রুত, স্বচ্ছ ও সময়োপযোগী করতে চাই। একই সাথে মানবিক ভুলের সুযোগগুলো প্রযুক্তির মাধ্যমে শূন্যে নামিয়ে আনা হবে।"

উপাচার্য আরও যোগ করেন, বিশ্বের উন্নত মূল্যায়নের অভিজ্ঞতা কাজে লাগাতে একিউএ গ্লোবালের সাথে এই অংশীদারত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একিউএ গ্লোবালের পক্ষে সংস্থাটির ইন্টারন্যাশনাল বিজনেসের পরিচালক শন ক্রোলি, বিজনেস ডেভেলপমেন্টের লিড ইন্টারন্যাশনাল সৈয়দ শাহ এবং বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজাসহ ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে অংশ নেন।  

—জা. অর্থনীতি/এলএটি