শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন স্কুলের নতুন ডিন ড. আব্দুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে।

অধ্যাপক ড. আব্দুল হামিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে শাবিপ্রবিতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০২০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া ডেনমার্ক, স্লোভেনিয়া, স্পেন ও ক্রোয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।

প্রায় দুই বছর ধরে তিনি শাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপনার পাশাপাশি গবেষণায়ও সক্রিয় তিনি। নিয়মিত গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি।

শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অধ্যাপক আব্দুল হামিদ। রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন তিনি। স্নাতক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ সেশনে সর্বোচ্চ নম্বরও অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ফেলোশিপ লাভ করেন।

পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন তিনি। রচনা লেখা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীদের কাছ থেকে স্বর্ণপদকও লাভ করেন।

এ ছাড়া মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি নাটোর শিক্ষা ফাউন্ডেশন স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক গোল্ড মেডেল, সৈয়দ আমীর আলী স্বর্ণপদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার লাভ করেছেন।

—জা.অর্থনীতি/আরএস