‘প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, পারস্পরিক সমন্বয় জরুরি’
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: প্রশাসন ও গণমাধ্যমের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা; তাই সাংবাদিক ও প্রশাসনের মধ্যে বৈরী সম্পর্ক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আবদুস সবুর।

বুধবার (৭ অক্টোবর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অধিকার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেস কাউন্সিল সচিব বলেন, সরকারি প্রশাসনিক কাঠামোতে 'রুলস অব বিজনেস' অনুযায়ী প্রত্যেকের নির্দিষ্ট অধিক্ষেত্র নির্ধারণ করা থাকে। সাংবাদিকদের প্রশাসনের কাজের পরিধি সম্পর্কে সঠিক ধারণা রাখা প্রয়োজন। কোনো কর্মকর্তা গণমাধ্যমকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করলে তা উর্ধ্বতন কর্মকর্তা বা প্রেস ক্লাবকে লিখিতভাবে অবহিত করার পরামর্শ দেন তিনি।

তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তথ্য সংগ্রহে গিয়ে প্রথমে পরিচয়পত্র দিয়ে পেশাগত পরিচয় নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী কোনো তথ্য দেওয়া সম্ভব না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এর কারণ ব্যাখ্যা করতে হবে। তবে তথ্য না পেলেই ঢালাও অভিযোগ বা সংবাদ প্রকাশ সমীচীন নয়, প্রয়োজনে তথ্য কমিশনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।"

অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি অনুলিপি বা ‘কপি-পেস্ট’ সাংবাদিকতার প্রবণতা বর্জনের আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা আইনগত জটিলতা বা বাধা-বিঘ্নতার মুখোমুখি হলে প্রেস কাউন্সিল সবসময় পাশে থাকবে। তবে ব্যক্তি স্বার্থে কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়লে তার দায় প্রতিষ্ঠান নেবে না। এছাড়াও তিনি ১৯৭৩ সালের ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন’ অনুসরণের আইনি বিষয়সমূহ বিশদভাবে তুলে ধরেন।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, তথ্য অফিসার এলিন সাইদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় যশোর সদর, চৌগাছা, শার্শা, ঝিকরগাছা, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার তালিকাভুক্ত ৪৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।  

—জা. অর্থনীতি/এলএটি