উত্তর আমেরিকায় মেগা সফরে ডেফ লেপার্ড

 

বিনোদন ডেস্ক: রক সংগীতের সোনালী যুগের বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ডেফ লেপার্ড ২০২৭ সালে উত্তর আমেরিকা জুড়ে এক বিশাল কনসার্ট সফরে নামতে যাচ্ছে। দলটির সঙ্গে এই মহাযজ্ঞে সঙ্গী হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড গুগু ডলস ও দ্য স্ট্রাটস। আগামী ২ মার্চ পেনসিলভানিয়ার অ্যালেনটাউন থেকে শুরু হয়ে ২ জুলাই ইন্ডিয়ানাপোলিসে গিয়ে শেষ হবে তাদের এই জাঁকজমকপূর্ণ সংগীত সফর। ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেওয়ার পর থেকেই রকপ্রেমীদের মধ্যে টিকিটের জন্য শুরু হয়ে গেছে চরম উন্মাদনা।

আগামী ১২ অক্টোবর থেকে ফ্যান ক্লাব ও নির্দিষ্ট কার্ডধারীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ১৬ অক্টোবর থেকে তা উন্মুক্ত হবে সাধারণ দর্শকদের জন্য। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বড় বড় শহর চষে বেড়াবে এই দল। যার মধ্যে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, মন্ট্রিয়ল ও টরন্টোর মতো বিশ্বখ্যাত শহরও রয়েছে।

জো এলিয়ট, রিক স্যাভেজ, রিক অ্যালেন, ফিল কলেন ও ভিভিয়ান ক্যাম্পবেলের মতো লিজেন্ডারি শিল্পীদের নিয়ে গড়া এই ব্যান্ড তাদের চিরসবুজ ও জনপ্রিয় সব রক ট্র্যাক দিয়ে মাতাবে লাখো দর্শককে। টিকিটের সঠিক মূল্য ভেন্যু ও সিটিং ক্যাটাগরি ভেদে ভিন্ন হবে এবং অফিশিয়াল ওয়েবসাইট কিংবা টিকিট মাস্টারের মাধ্যমে তা সংগ্রহ করা যাবে। দশকের পর দশক ধরে রক মিউজিকের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকা এই ব্যান্ডকে সামনাসামনি দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কোনো সংগীতপাগল মানুষ।

জা. অর্থনীতি/এআর