জঙ্গল থেকে বেরিয়ে গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা হাতির

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে ব্যস্ত সড়কে উঠে এল একটি বুনো হাতি। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের থারের দিকে তেড়ে গিয়ে সেটিকে শুঁড় ও সামনের পা দিয়ে ধাক্কা দিতে শুরু করে হাতিটি। একপর্যায়ে গাড়িটি প্রায় উল্টে যাওয়ার উপক্রম হয়। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য গাড়ির যাত্রীরা। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হরিদ্বার-নাজিবাবাদ জাতীয় সড়কে ঘটেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি সংবাদমাধ্যমটি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জাতীয় সড়কে একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। সেখান থেকেই বেরিয়ে আসে হাতিটি। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কালো রঙের থার গাড়িটির দিকে এগিয়ে যায় সেটি।

প্রথমে শুঁড় দিয়ে গাড়িটিকে ধাক্কা দিতে থাকে হাতিটি। পরে সামনের পা তুলে গাড়িটির ওপর চাপ সৃষ্টি করে। এতে গাড়িটি প্রায় উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এ সময় আশপাশে থাকা অন্য গাড়ির যাত্রীরা চিৎকার শুরু করেন। পুরো ঘটনায় সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানুষের চিৎকার শুনে হাতিটিও কিছুটা ভয় পেয়ে যায়। এরপর ধীর পায়ে রাস্তা পার হয়ে আবার জঙ্গলের দিকে চলে যায় সেটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়াল্লাহহাবিবি’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রকাশের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাতির এমন আচরণ দেখে বিস্ময় ও আতঙ্ক প্রকাশ করেছেন নেটিজেনরা। ভিডিওটি ঘিরে নানা মন্তব্যও করছেন তারা।

জা.অর্থনীতি/এসআই