আন্তর্জাতিক ডেস্ক: লাদাখের একটি পেট্রল পাম্পে পিঠে সন্তান বেঁধে দায়িত্ব পালন করছেন এক তরুণী। কাজের পাশাপাশি সন্তানকে সামলানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন অসংখ্য মানুষ।
সম্প্রতি প্রিয়ঙ্কা নামের এক তরুণী ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। স্বামীর সঙ্গে পেট্রল পাম্পে তেল নিতে গিয়ে তিনি দেখেন, এক হাতে তেল ভরার নজল ধরে দায়িত্ব পালন করছেন এক নারী। তার পিঠে বাঁধা রয়েছে ছোট্ট সন্তান। পরে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন প্রিয়ঙ্কা।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই তা ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটির নিচে মন্তব্য করে অনেকেই ওই নারীকে সাহসী মা ও প্রকৃত যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানকে দেখাশোনা করতে গিয়ে তাকে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
প্রিয়ঙ্কার দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি ৯৩ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া নয় লাখেরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন। অনেকেই প্রিয়ঙ্কার সঙ্গে যোগাযোগ করে ওই মা ও তার সন্তানকে কীভাবে সহায়তা করা যায়, তা জানতে চেয়েছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রিয়ঙ্কা ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তাকে জানান, অসংখ্য মানুষ তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এবং সহায়তার আগ্রহ দেখিয়েছেন। প্রিয়ঙ্কা আরও জানান, ওই নারীর নামে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। অর্থটি সন্তানের ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার অনুরোধও জানান তিনি।
জা.অর্থনীতি/এসআই