চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে ৮টি কাটিমন আমগাছ কাটার অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জেরে একটি আমবাগানের আটটি কাটিমন জাতের আমগাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাগানটির তিনটি গাছ একবারে গোড়া থেকে কেটে ফেলেছে এবং বাকি পাঁচটি গাছের অর্ধেক অংশ কেটে নষ্ট করে দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার মাঠে আমবাগানটিতে গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানবাসীরা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে বাগানমালিক সুকচাঁন আলীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী সুকচাঁন। তিনি উপজেলার ওমরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

ভুক্তভোগী সুকচাঁন আলী অভিযোগ করে জানান, পাশের জমির মালিকের সঙ্গে আমগাছ ও জমি নিয়ে বেশ কিছুদিন ধরে তার বিরোধ চলছিল। এ নিয়ে প্রতিপক্ষ তাকে একাধিকবার দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল। সেই বিরোধের জের ধরে সুযোগ বুঝে রাতের আঁধারে প্রতিপক্ষরা গাছগুলো কেটে সাবাড় করেছে বলে তাঁর ধারণা।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে, কিন্তু এভাবে অবোলা গাছের ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ অন্যায় ও নিষ্ঠুর ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিষয়টি এখনো থানায় লিখিতভাবে জানানো হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাতের আঁধারে গাছ কেটে ফেলার ঘটনা ফৌজদারি অপরাধ বলে জানান তিনি।

—জা. অর্থনীতি/এলএটি