বিনোদন ডেস্ক: সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাস এক নতুন রেকর্ডের অপেক্ষায়। ২০২৭ সালের গ্র্যামির ‘সেরা নতুন শিল্পী’ ক্যাটাগরিতে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন দুই সহোদর—গায়ক-গীতিকার অড্রে হোবার্ট ও তার ছোট ভাই মালকম টড। গ্র্যামির ইতিহাসে এবারই প্রথম একই বছর একই ক্যাটাগরিতে দুই ভাই-বোনের প্রতিদ্বন্দ্বিতা করার বিরল ও ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে বেড়ে ওঠা এই দুই ভাই-বোনের সংগীতযাত্রা সমান্তরালভাবে এগিয়েছে। ২৩ বছর বয়সী মালকম টড ২০২৩ সালে ‘কলাম্বিয়া রেকর্ডস’-এর সঙ্গে চুক্তি করে আলোচনায় আসেন। তার গান ‘ইয়াররিং’ টিকটকের গণ্ডি পেরিয়ে মার্কিন বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছে।
অন্যদিকে ২৭ বছর বয়সী বোন অড্রে হোবার্ট তার শৈশবের বন্ধু গ্র্যাসি আব্রামসের সাথে গান লিখে ক্যারিয়ার শুরু করলেও ২০২৫ সালে ‘আরসিএ রেকর্ডস’-এর অন্তর্ভুক্ত হন। তার হিট একক ‘সু মি’ গানটি দিয়ে বিলবোর্ডের তালিকায় নজর কাড়েন তিনি।
দুই ভাই-বোনই সনি মিউজিক পরিবারের সঙ্গে যুক্ত থাকায় এই লড়াই নিয়ে আন্তর্জাতিক পপপাড়ায় তুমুল কৌতূহল তৈরি হয়েছে। তবে এমন ঐতিহাসিক প্রতিযোগিতার সামনে দাঁড়িয়ে সবচেয়ে মজার মন্তব্য করেছেন ছোট ভাই মালকম। তিনি হাস্যরস করে জানান, ভাই-বোন দুজনেই যদি শেষ পর্যন্ত গ্র্যামিতে মনোনীত হতে পারেন, তবে তাদের মূল সুবিধা হবে বাবা-মা দুজনকেই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার! কারণ একজন মনোনীত প্রার্থী একটির বেশি টিকিট পান না।
সংগীতাঙ্গনের ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে পপপ্রেমীরা।
জা. অর্থনীতি/এআর