জাতীয় অর্থনীতি ডেস্ক: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা ও উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাগুলো বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পর্যায়ে কুমিল্লায় দিবসটি উপলক্ষে স্টেডিয়াম এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পারিবারিক পর্যায় থেকেই দুর্যোগ মোকাবিলার সচেতনতা তৈরি ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে উপজেলা পর্যায়ে কুমিল্লা জেলা, পাবনা জেলা, বরিশাল জেলা, সিলেট জেলা ও সাতক্ষীরা জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাস্তবধর্মী অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শিত হয়। এসব আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষার্থী ও সিপিপির কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা নিজ ঘর থেকেই দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দেন।
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির মূল বার্তা তুলে ধরে পটুয়াখালীর কলাপাড়া, কিশোরগঞ্জের তাড়াইল ও চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
—জা. অর্থনীতি/এলএটি