গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আসামিদের সহযোগীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় তারা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক দুজনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০-৫০ জনের একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা গেছে।
ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা যায়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, আটক ২ জনকে ছাড়িয়ে নিতে তাদের সহযোগীরা রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
—জা. অর্থনীতি/এনজে