আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের অজমেরে সকালে হাঁটতে বেরিয়ে রাস্তায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান এক যুবক। ব্যাগটি খুলে না দেখে সরাসরি পুলিশের হাতে তুলে দেন তিনি। পরে ব্যাগের ভেতরে থাকা বিদেশি মুদ্রার মূল্য জানতে পেরে বিস্মিত হন ওই যুবক। উদ্ধার হওয়া মুদ্রার ভারতীয় মূল্য প্রায় ৯ লাখ ৪৮ হাজার টাকা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজমেরের সোফিয়া কলেজের বাইরে ব্যাগটি কুড়িয়ে পান ভোপন কা বড়া এলাকার বাসিন্দা রাজেশ কুমার। সততার পরিচয় দিয়ে তিনি ব্যাগটি সিভিল লাইন্স থানায় জমা দেন।
পুলিশ ব্যাগটি পরীক্ষা করে একটি পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র এবং বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করে। পরে ব্যাগের ভেতরে থাকা নথিপত্রের তথ্য যাচাই করে মালিকের পরিচয় শনাক্ত করা হয়। ব্যাগটির মালিক সাদ্দাম আলম। তিনি অজমের দরগায় প্রার্থনা করতে গিয়েছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রার্থনা শেষে টেম্পোতে করে ফেরার সময় অসাবধানতাবশত তার ব্যাগটি পড়ে যায়। তবে ঠিক কোথায় ব্যাগটি হারিয়েছেন, তা বুঝতে পারেননি তিনি। পরে নথিপত্রের সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
ব্যাগে পাওয়া বিদেশি মুদ্রার মধ্যে ছিল ৫০০ দিনারের তিনটি নোট, ২০০ দিনারের একটি নোট, ১০০ দিনারের ১১টি নোট এবং ১০ দিনারের তিনটি নোট। এসব মুদ্রার ভারতীয় মূল্য প্রায় ৯ লাখ ৪৮ হাজার টাকা। পাশাপাশি পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও উদ্ধার করা হয়।
পরে পুলিশ ব্যাগসহ সব জিনিসপত্র সাদ্দাম আলমের কাছে ফিরিয়ে দেয়। হারানো সম্পদ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। এ জন্য রাজস্থান পুলিশ ও অজমেরের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান সাদ্দাম।
অন্যদিকে, বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের কাছে না রেখে পুলিশের হাতে তুলে দেওয়ায় রাজেশ কুমারের সততার প্রশংসা করছেন অনেকে। ব্যাগে থাকা অর্থের পরিমাণ জেনে তিনিও বিস্মিত হয়েছিলেন।
জা.অর্থনীতি/এসআই