জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে তাঁদের বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নগদ টাকা, মোবাইল ফোন, যানবাহনসহ বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, রাজধানীর আটটি পুলিশ বিভাগে পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে তেজগাঁও বিভাগ, যেখানে গ্রেপ্তার হয়েছেন ৯২ জন।
এ ছাড়া মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত হিসেবে ১৫টি মোবাইল ফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি রিয়ার সাইড পিলার কভার ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। এ ছাড়া পুলিশের অভিযানে নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এএইচএ