বিনোদন ডেস্ক: বক্স অফিসে রজনীকান্তের তাণ্ডব জারি থাকলেও সিক্যুয়েল ‘জেলার ২’ দেখে পুরোপুরি খুশি হতে পারেননি মালয়ালম সুপারস্টার মোহানলালের ভক্তরা। থালাইভার ম্যাজিক ও ধুন্ধুমার অ্যাকশনে ছবি সুপারহিট হলেও ছবিতে মোহানলালের সীমিত উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই।
চিত্রনাট্যে মোহানলালের ‘ম্যাথিউ’ চরিত্রের স্ক্রিন টাইম কমে যাওয়া নিয়ে নিজের মন খারাপের কথা সামাজিক মাধ্যমে অকপটে জানিয়েছেন মালয়ালম অভিনেতা আর্য। তিনি জানান, রজনীকান্ত ও পরিচালক নেলসনের ভক্ত হিসেবে ছবিটি তাকে বিনোদন দিয়েছে ঠিকই, কিন্তু মোহানলালের একজন অন্ধ ভক্ত হিসেবে তার হৃদয় ভেঙেছে।
প্রথম কিস্তিতে রজনীকান্তের পাশাপাশি মোহানলাল, শিবরাজকুমার কিংবা জ্যাকি শ্রফদের যেভাবে নিজস্ব প্রভাবশালী দৃশ্যে উপস্থাপন করা হয়েছিল, সিক্যুয়েলে সেই ভারসাম্য বজায় থাকেনি বলে অভিযোগ তার। এমনকি ট্রেলারের বেশ কিছু দৃশ্যও মূল সিনেমা থেকে ছেঁটে ফেলা হয়েছে।

তবে প্রথমার্ধের টানটান উত্তেজনা ও জমজমাট নির্মাণের ভূয়সী প্রশংসা করেছেন আর্য। ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ কিছুটা নামিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
চলতি বছরের ১৫ অক্টোবর মুক্তির পরপরই বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে ‘জেলার ২’। মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে নতুন মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। ভক্তদের মন ভাঙার বিতর্ক থাকলেও বক্স অফিসে থালাইভার এই রাজত্ব যে আপাতত থামছে না, তা একপ্রকার নিশ্চিত!
জা. অর্থনীতি/এআর