প্রযুক্তি ডেস্ক: খুলনায় নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। প্রচলিত গ্রাহকসেবার ধরন থেকে বেরিয়ে গ্রাহকদের ডিজিটাল সেবা নেওয়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এই কেন্দ্রটি। গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও নিরবচ্ছিন্ন সেবাকে প্রাধান্য দিয়ে আধুনিক পরিবেশে স্টোরটি ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান।
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরটি খোলামেলা ও শান্ত পরিবেশে সাজানো হয়েছে। গ্রাহকদের দ্রুত সেবা দিতে এতে যুক্ত করা হয়েছে ‘আই ভার্সেস উই’ সহায়তা মডেল। এই ব্যবস্থার মাধ্যমে বাংলালিংকের প্রতিনিধিরা গ্রাহকদের মুখোমুখি বসে সরাসরি কথা বলবেন এবং তাঁদের প্রয়োজনীয় সেবার দ্রুত সমাধান দেবেন।
এছাড়া কেন্দ্রে রয়েছে একটি ‘ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস’, যেখানে গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সুবিধা সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি জরুরি সেবার ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক ব্যবস্থা এবং সেবাগ্রহীতাদের জন্য আরামদায়ক বসার সুবিধা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, “গ্রাহকেরা যেন ডিজিটাল সেবাসহ বাংলালিংকের সব ধরনের সুবিধা সহজে ও নির্বিঘ্নে নিতে পারেন, সে লক্ষ্যেই এই আধুনিক সেবাকেন্দ্র। খুলনায় এই ফ্ল্যাগশিপ স্টোর চালুর মাধ্যমে সারা দেশের মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরালো হলো।”
নতুন এই আধুনিক স্টোর চালুর ফলে খুলনার গ্রাহকেরা সরাসরি বাংলালিংকের বিভিন্ন সার্ভিস ব্যবহারের পাশাপাশি আরও উন্নত ও প্রাতিষ্ঠানিক পরিবেশে গ্রাহকসেবা উপভোগ করতে পারবেন।