উৎসবের আলো ম্লান, শোকস্তব্ধ শুভশ্রী

জাতীয় অর্থনীতি বিনোদন: উৎসবের আনন্দঘন আবহে কলকাতার চোরবাগানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় পুরো টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন বার্তা দেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মুহূর্তের মধ্যে কীভাবে একটি আনন্দোৎসব একাধিক পরিবারের জন্য চিরকালের কান্নার কারণ হয়ে দাঁড়াল, সেই আক্ষেপই ফুটে উঠেছে অভিনেত্রীর পোস্টে। শুভশ্রী বলেন, ‘উৎসবের আলো ম্লান হয়ে গেল চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায়। মুহূর্তের মধ্যে কতগুলো পরিবারের জীবনে নেমে এল গভীর অন্ধকার, কত স্বপ্ন আর আশা থমকে গেল চিরতরে।’ প্রিয়জনহারা পরিবারগুলোর এই নিদারুণ যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয় বলে উল্লেখ করেন তিনি।

বিপর্যয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই তারকা। একই সঙ্গে দুর্ঘটনায় আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সে জন্যও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি। উৎসবের খুশির মাঝেও এমন জনদুর্ভোগ এবং নিরাপত্তার প্রশ্নটিকে নতুন করে সামনে নিয়ে এসেছে চোরবাগানকাণ্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্যনুযায়ী, উত্তর কলকাতার চোরবাগানের সর্বজনীন দুর্গা পূজা মণ্ডপে সপ্তমী সন্ধায় (১৭ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উৎসবের প্রস্তুতি ও মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যেই আকস্মিক হুড়োহুড়ি ও বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে বেশ ১৯ জন প্রাণ হারান এবং অন্তত ২৫ জন পুণ্যার্থী গুরুতর আহত হন।

আকস্মিক এই বিপর্যয় দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তকে নিমেষেই বিষাদে রূপান্তর করে।

জা. অর্থনীতি/এআর