পশ্চিম তীর ধ্বংসের হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার হেবরন শহরে বড় ধরনের অভিযান চালিয়ে বাসিন্দাদের সরিয়ে দেওয়া, বাড়িঘরে তল্লাশি এবং কথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও আরও তিনজন আহত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে হেবরন সফর করেন নেতানিয়াহু। এ সময় তিনি শহরটিতে ব্যাপক পরিবর্তন আনার কথা জানান। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ওই এলাকা ধ্বংস করতে পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি পুরোপুরি বদলে দেওয়া হবে। তিনি জানান, পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে পরিচালিত কঠোর সামরিক অভিযানের আদলে হেবরনেও অভিযান চালানো হবে।

তার পরিকল্পনা অনুযায়ী, যেসব এলাকা থেকে হামলাকারীরা এসেছে, সেখানকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বাড়ি বাড়ি তল্লাশি, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী অবকাঠামো চিহ্নিত করে ধ্বংসের কার্যক্রম চালানো হবে।

পশ্চিম তীরের সড়কের পাশে অনুমতি ছাড়া নির্মিত বাড়িঘর সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন নেতানিয়াহু। তার দাবি, এসব স্থাপনা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করছে।

নেতানিয়াহু আরও বলেন, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযান শুরুর সময় নির্ধারণ করবে সরকার। এদিকে সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে বসতি স্থাপনকারীদের প্রশংসাও করেন তিনি।

জা.অর্থনীতি/এসআই