জাতীয় অর্থনীতি ডেস্ক: জেফরি এপস্টিন— যার নাম শুনলেই বিশ্বজুড়ে মনে পড়ে ভয়ংকর সব অপরাধ আর নারী কেলেঙ্কারির কথা। কিন্তু এই কলঙ্কিত মানুষের হাতেই নাকি তুলে দেওয়া হয়েছিল পবিত্র কাবার গিলাফ!
সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে এপস্টিনের মতো একজন ঘৃণ্য অপরাধীকে কাবার গিলাফের একটি অংশ উপহার দিয়েছিলেন সৌদির এক শীর্ষস্থানীয় ক্ষমতাধর ব্যক্তি। এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে তীব্র আঘাত হেনেছে।
যে গিলাফ একটু ছুঁয়ে দেখার জন্য, যার সুঘ্রাণ নেওয়ার জন্য মুমিন হৃদয় সারাজীবন কেঁদে বেড়ায়, তা কীভাবে এমন একজন অপরাধীর ঘরের শোভাবর্ধন করতে পারে? এই প্রশ্ন আজ প্রতিটি মুসলিমের।
তবে মুমিনের সান্ত্বনা একটাই। দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি হয়তো রেশমি সুতোর এক টুকরো কাপড় কাউকে উপহার দিতে পারে, কিন্তু কাবার আসল সম্মান তো রাব্বুল আলামিনের হাতে। দুনিয়ার কোনো অপবিত্র ছোঁয়া কাবার পবিত্রতাকে একবিন্দুও কমাতে পারবে না। কারণ, আবরাহার হস্তিবাহিনীকে ধ্বংসকারী সেই আল্লাহই তার পবিত্র ঘরের চিরস্থায়ী রক্ষক।
—জা. অর্থনীতি/এলএটি