নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্যদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ মিছিল করা হয়েছে। এ কর্মসূচিতে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
নীলফামারী
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
কুড়িগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাবনা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বরিশাল
সারাদেশের মতো বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচির মধ্য দিয়ে বরিশালেও জেলা ও মহানগরের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ দিন নগরীর অশ্বিনী কুমার হল চত্বরস্থ জেলা ও মহানগর কার্যালয়ের সামনে আলোচনা সভা-সমাবেশ, অশ্বিনী কুমার টাউন হলে রক্তদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন যুবদলের নেতারা।
গাইবান্ধা
গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ পরিবেশে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সূর্যদয়ের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
লালমনিরহাট
লালমনিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুইলচেয়ার বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।
পটুয়াখালী
পটুয়াখালীতে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগের নেতৃত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করা হয়েছে।
—জা.অর্থনীতি/এনজে